মারা গেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ

মারা গেছেন বিএনপির প্রবীণ নেতা এবং ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ।মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রবীণ এই নেতার মৃত্যুর পর হাসপাতাল থেকে তার মরদেহ সরাসরি তার সাবেক নির্বাচনী এলাকা শ্যামপুরের বাসভবনে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পারিবারিক সূত্র জানিয়েছে, আগামীকাল বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বাদ জোহর শ্যামপুর-কদমতলী এলাকার লাল মসজিদে মরহুম সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

সালাহউদ্দিন আহমেদ বিএনপির প্রার্থী হিসেবে অবিভক্ত ঢাকা-৪ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন সালাহউদ্দিন আহমেদ।

অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সালাহউদ্দিন আহমেদ বয়সজনিত কারণে বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তার মৃত্যুতে আরও শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *