মার্কিন যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সাবেক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসকে দেখে এগিয়ে গেলেন এক নারী। সঙ্গে তার ছোট্ট শিশু। প্রফেসর ইউনূস সেই শিশুটির সঙ্গে কথা বললেন শিশুসুলভ ভঙ্গিতে। শিশুটিও তার কথা শুনে মজা পেয়ে বেশ খানিকটা সময় কাটালো। এমনই এক ঘটনার স্থিরচিত্র ধারণ করেছেন প্রফেসর ইউনূসের সফরসঙ্গী লামিয়া মোরশেদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিকমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘জেএফকে বিমানবন্দরে ওই দুর্বৃত্তরা হামলা করার মাত্র কয়েক মিনিট আগে আমি এই ছবিগুলো তুলেছিলাম। পুরো যাত্রাপথে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা এমনই অটুট ছিল। বর্তমানে তিনি একদম ভালো আছেন।’
তিনি আরও লেখেন, ‘এই ঘটনা শুধু ওই দুর্বৃত্তদের চরম বর্বরতাই প্রকাশ করেছে, একই সঙ্গে তাদের কতটা নীচ ও অসহায়, সেটাও স্পষ্ট করে দিয়েছে। স্যারের কোনো ক্ষতিই তারা করতে পারেনি। সমর্থন জানিয়ে এতগুলো বার্তা পাঠানোর জন্য প্রিয় বন্ধুদের ধন্যবাদ।’
উল্লেখ্য, জেএফকে বিমানবন্দরে সোমবার কয়েকজন উশৃঙ্খল ব্যক্তি ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা করেন। পরে সঙ্গে থাকা লোকজন দ্রুতই তাকে সরিয়ে নেন।