নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ২৬ ঝুটের গোডাউন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ২৬টি ঝুটের গোডাউন ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রায় এক কোটি টাকার মালামাল রক্ষা সম্ভব হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে ফতুল্লার কাইয়ুমপুর বিলাসনগর এলাকার কাইসাবাড়ি মাঠে এই ঘটনা ঘটে। প্রায় পাঁচ ঘণ্টার যৌথ প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাইসাবাড়ি মাঠ এলাকায় আনোয়ার, ইসমাইল, জুয়েল ও মুন্নাসহ কয়েকজনের মালিকানাধীন ঝুটের গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নিয়ে প্রায় ৩০ হাজার বর্গফুট এলাকায় ছড়িয়ে পড়ে এবং ২৬টি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে দ্রুত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এতে শিবু মার্কেট ফায়ার স্টেশনের দুটি, নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের দুটি, হাজীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি এবং উপসহকারী পরিচালকের একটিসহ মোট ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিনের প্রত্যক্ষ নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরবর্তীতে টানা চেষ্টার পর সকাল ৭টায় আগুন সম্পূর্ণ নির্বাপিত হয়।

উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *