ভারতের দিল্লিতে প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং সংগঠনটির দুই নেতা আশুতোষ রানকা ও সৌরভ দাস।
আজ রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তাদের মুক্তির খবর জানায় ককরোচ জনতা পার্টি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পোস্টে লেখা হয়েছে, ‘অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রানকা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। ককরোচরা কখনও মরে না।’
এর আগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ ঘিরে তাদের আটক করা হয়েছিল বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের জেরে এই বিক্ষোভের আয়োজন করা হয়। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক নাম বাদ দেওয়ার ফলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সুবিধা পেতে পারে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।