রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী নগরীতে নির্মাণকাজ করার সময় একটি ভবনের চারতলা থেকে পড়ে সাব্বির আহমেদ (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর শালবাগান এলাকার সিটি গ্যারেজের পেছনে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির আহমেদের বাড়ি নগরীর মাল্দা কলোনীর শিল্পীপাড়া এলাকায়। তিনি পেশায় নির্মাণ শ্রমিক। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নগরীতেই বসবাস করতেন। 

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শনিবার সকাল থেকে সাব্বির তার ভাইয়ের সঙ্গে ভবনের চারতলায় নির্মাণকাজ করছিলেন। কাজের একপর্যায়ে বেলা ১১টার দিকে চারতলায় একটি টেবিল ঘোরানোর সময় তিনি ভারসাম্য হারিয়ে পাশের একটি একতলা ভবনের ছাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *