চলতি বছরের অক্টোবর মাসের প্রথম সাত দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৯ হাজার ৫২০ কোটি ২০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র আরিফ হোসেন জানান, গতকাল বুধবার (৭ অক্টোবর) প্রবাসী আয় এসেছে এক হাজার ৫৮৬ কোটি ৭০ লাখ টাকা। গত বছরের অক্টোবরের মাসের প্রথম সাতদিনে রেমিট্যান্স এসেছিল ৬৯ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৮০ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৯৩৬ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৮২৭ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১০ শতাংশ।