যশোরের বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ আইস, এলএসডি ও বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ বিল্লাল হোসেন নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১৫ মার্চ) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হিজলী, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস, দুই বোতল এলএসডি এবং ১০০ বোতল উইন্সেরেক্স কফ সিরাপসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়।
কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানান, আটক বিল্লাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।