হুথিদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি, সৌদির দুই বিমানবন্দরে হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে তিনজন আহত এবং বিমানবন্দরগুলোর অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, জাজানের কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দর হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় জরুরি পরিষেবা দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।

হামলায় তিনজন সামান্য আহত হন এবং তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দর দুটির বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

সৌদির বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, তারা সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে মিলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং যাত্রী, কর্মী ও দেশটির বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কাজ করছে।

তবে বিবৃতিতে কারা এই হামলা চালিয়েছে, তা উল্লেখ করা হয়নি।

এদিকে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি গতকাল সোমবার জানায়, তারা সৌদি আরবজুড়ে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে জাজান ও নাজরানের ‘সংবেদনশীল স্থাপনাও’ রয়েছে।

হুথিরা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিঘে অবস্থিত আরামকোর একটি শোধনাগার এবং বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার কথাও দাবি করেছে।

সৌদি আরব সোমবার তাদের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে হুথিদের চালানো হামলার নিন্দা জানিয়েছে। তারা সামরিক উত্তেজনা বৃদ্ধির জন্য হুথিদের দায়ী করেছে।

সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা তীব্র হওয়ার মধ্যেই এই হামলার ঘটনাগুলো ঘটল। সম্প্রতি সৌদি-নেতৃত্বাধীন জোট দেশটির দিকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে হুথিদের বিরুদ্ধে একটি সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে হুথি গোষ্ঠী রাজধানী সানা এবং আরও কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *