বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সাততলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন নাজমুল হক (৩৫) নামের এক যুবক। নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে আদালতের ১০ তলা ভবনের সাততলার সামনের অংশ থেকে লাফ দেন তিনি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আদালত ভবনের ওপর থেকে নাজমুল নিচে পড়ে গেলে গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোর্ট পুলিশের ইন্সপেক্টর তারক বিশ্বাস জানান, আদালত ভবনের নিচে একজন লোক রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে নিহত ব্যক্তি সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার নাজমুল হক। পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করে ধারণা করা হচ্ছে তিনি ভবনের সাততলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।
তারক বিশ্বাস আরও জানান, ভবনটির নির্মাণশৈলীর কারণে অসাবধানতাবশত কারও নিচে পড়ে যাওয়ার মতো সুযোগ নেই। তাছাড়া পড়ে গেলে কার্নিসে বাধাপ্রাপ্ত হওয়ার কথা ছিল। আবার ঘটনার সময় আদালতে প্রচুর মানুষের উপস্থিতি থাকায় তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সম্ভাবনাও কম।
বর্তমানে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা অনুসন্ধানে মাঠে নেমেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।