রাজধানীর শ্যামলী এলাকায় রুহুল আমিন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলামিন ওরফে বাবু ও রাসেল নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (৪ অক্টোবর) মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম এ খবর জানিয়েছেন। তিনি বলেন, ভোররাত ৩টার দিকে শ্যামলী এলাকায় আলামিন, রাসেলসহ চার-পাঁচজন রুহুল আমিনকে মারধর ও ছুরিকাঘাত করে। এ সময় তার কাছে থাকা টাকা নিয়ে যায় তারা।
আহত রুহুল আমিনকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। সেখানে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের মা আসমা বেগম বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
নিহত রুহুল আমিনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। তিনি শ্যামলী এলাকায় ফুটপাতে ভাসমান অবস্থায় থাকতেন।