রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও হামলার ঘটনায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বহিষ্কৃত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার (৩ অক্টোবর ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদেশ দেন।
এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার গণমাধ্যমকে বলেন, হামলার নির্দেশদাতাদের মধ্যে প্রায় ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কেউই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করছেন না, তবে প্রযুক্তির মাধ্যমে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। বাকিদের দ্রুতই আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মামলার নথি থেকে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর দিনগত রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সাজ্জাদসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।