পতিত সরকার দেশের অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে : ড. তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পতিত সরকার এমন এক ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, যা যুব সমাজের অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে। তারা দেশের এক অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে।

আজ শনিবার (৩ অক্টোবর) সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘শিক্ষা শিল্পের ঐক্যতান : কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. তিতুমীর।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, পতিত সরকার জনগণের ইচ্ছা-আকাঙ্খা এবং সামনের দিকের অগ্রযাত্রার কোনো চিন্তা না করে নিজেদেরকে লালন পালন করার এক অর্থনীতি চালু করে রেখেছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও ট্রেজারার ড. মো ইদ্রিস আলী। এতে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, গবেষণা এবং বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।

মতবিনিময় সভায় জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শিক্ষা ও শিল্পখাতের এই সংযোগের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *