রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট সংলগ্ন আসাদ এভিনিউতে অবস্থিত ঐতিহাসিক ‘সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ’ থেকে চুরি হয়ে যাওয়া প্রায় ৭০ কেজি ওজনের বিশালাকার একটি ঐতিহ্যবাহী পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) পুলিশের ধারাবাহিক সাঁড়াশি অভিযানের মুখে চোর চক্র ঘণ্টাটি ডাস্টবিনের পাশে ফেলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের ৯২ আসাদ এভিনিউস্থ (ওয়াসা ভবনের সামনে) সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার উন্মুক্ত ফাঁকা জায়গায় পিতলের ভারী ঘণ্টাটি রাখা ছিল। গত ১ অক্টোবর মধ্যরাত ১২টা ৩ মিনিটের পর যেকোনো সময়ে অজ্ঞাতনামা চোর বা চোরেরা চার্চের ভেতরে প্রবেশ করে ঘণ্টাটি চুরি করে নিয়ে যায়।
চুরির এই ঘটনার ঠিক পূর্বমুহূর্তে রহস্যজনক কারণে চার্চের পুরো সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং সিস্টেমটি বন্ধ ছিল। পরবর্তীতে ভোর সাড়ে ৪টার দিকে বিষয়টি নজরে এলে তাত্ক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মামলা রুজু করে।
চুরির পরপরই চোরাই মালামাল উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনতে মোহাম্মদপুর থানা-পুলিশের একাধিক টিম মাঠে নামে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের সর্বাত্মক তল্লাশি ও অভিযানের মুখে চোর চক্র মালামাল লুকিয়ে রাখতে ব্যর্থ হয়।
অবশেষে ২ অক্টোবর ভোররাত ২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে তল্লাশি চালিয়ে সাদা পলি ব্যাগে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত ও অক্ষত অবস্থায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি উদ্ধার করা হয়।
বর্তমানে উদ্ধারকৃত ঘণ্টাটি মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে। চুরির ঠিক আগমুহূর্তে সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ হয়ে যাওয়ার পেছনের রহস্য এবং এতে অভ্যন্তরীণ কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। এছাড়া আশপাশের সড়কের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।