কুমিল্লায় তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলা শুরু

কুমিল্লা টাউনহল মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলা। শুক্রবার (২ অক্টোবর) কুমিল্লা জেলার সরকারি ও বেসরকারি কারিগরি, ভোকেশনাল এডুকেশন ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফোরামের (টিভিইটি) উদ্যোগে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, জাতি গঠনে কারিগরি শিক্ষানির্ভর শিক্ষানীতি অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান প্রজন্ম অপার সম্ভাবনাময়,  তাদের সঠিকভাবে পরিচালিত করতে পারলে বাংলাদেশ সব ক্ষেত্রে সফলতা অর্জন করবে। তিনি আরও বলেন, আগামী নভেম্বরে ‘দি এডুকেশন পলিসি কুমিল্লা কনসেপ্ট’ নিয়ে জেলাবাসী একত্রিত হবে, যেখানে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি কোর্স চালুর সিদ্ধান্তকে যুগান্তকারী বলে অভিহিত করেন তিনি।

মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও স্টলগুলো ঘুরে দেখে ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। অনুষ্ঠানে বাংলাদেশের কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. তারিকুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক (উপসচিব) কাজী ফারুক আহম্মেদ ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জামান আমিরসহ স্থানীয় অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *