মাদারীপুরে পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে  পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই বছর ও আড়াই  বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলার উত্তর বহেরাতলা  ইউনিয়নের সেনেরবাট গ্রামে পুকুরে ডুবে ফাতেমা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের  মাহাবুব খানের মেয়ে।

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই দিন বিকেলে দত্তপাড়া ইউনিয়ন উত্তরাইল গ্রামে পুকুরে ডুবে মারা যায় ওরিন নামে আড়াই বছর বয়সী আরেক শিশু। সে ওই গ্রামের রোমান খানের  মেয়ে ।

পরিবার জানায়, দুপুরে শিশুটির মা তাকে বাড়ির উঠানে রেখে সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরে চলে যায়। পরে পরিবারের লোকজন পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে। এরপর পুকুর থেকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের অসতর্কতার সুযোগে বাড়ির পাশের পুকুরে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শিবচর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, পরিবারের অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *