তামাক ক্ষেত থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

শুক্রবার রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলার গোপালপুর গ্রামের চারাতলার মাঠের একটি তামাক ক্ষেত থেকে জাহেদা খাতুনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের ১০ ঘণ্টা পর জাহেদা খাতুন (৪৯) নামে এক নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের চারাতলার মাঠের একটি তামাক ক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাহেদা খাতুন একই উপজেলার দলিয়ারপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত তুফান আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে ছাগলের ঘাস কাটতে বাড়ির পাশের মাঠে গিয়ে নিখোঁজ হন জাহেদা খাতুন। দুপুরে তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় পর স্থানীয়রা গোপালপুর গ্রামের চারাতলার মাঠে মধু মিয়ার তামাক ক্ষেতে তার রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জামাল আল নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহেদা খাতুনকে অত্যন্ত নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *