প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের টুর্নামেন্টে মুস্তাফিজ

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস গড়লেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে দল পেয়েছেন তিনি। ২০২৬ আসরের জন্য আয়োজিত প্রথম নিলামে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স।

নিলামের জন্য দ্য হান্ড্রেডের চূড়ান্ত তালিকায় লেগস্পিনার রিশাদ হোসেন থাকলেও শেষ পর্যন্ত কোনো দল তাকে ডাকেনি। তবে বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা থাকা মুস্তাফিজকে ঠিকই লুফে নিয়েছে বার্মিংহ্যাম।

ইংল্যান্ডের এই লিগে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল এক লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৬৪ লাখ টাকারও বেশি। এর আগে হান্ড্রেডে কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ না পাওয়ায়, ফিজের হাত ধরেই এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিষেক হতে যাচ্ছে।

বার্মিংহ্যাম ফিনিক্সে মুস্তাফিজ সতীর্থ হিসেবে পাচ্ছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে। এই দলের সবচেয়ে দামী খেলোয়াড় ইংল্যান্ডের তরুণ ব্যাটিং অলরাউন্ডার জ্যাকব বেথেল, যাকে কেনা হয়েছে তিন লাখ ৪০ হাজার পাউন্ডে।

এ ছাড়া দলে আরও আছেন রেহান আহমেদ (ইংল্যান্ড), দোনোভান পেরেইরা (দক্ষিণ আফ্রিকা), মিচেল ওয়েন (অস্ট্রেলিয়া), উসমান তারিক (পাকিস্তান), সাকিব মাহমুদ (ইংল্যান্ড) ও লরি ইভানস (ইংল্যান্ড)।

সুযোগ পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুস্তাফিজ লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। বার্মিংহ্যাম ফিনিক্সের হয়ে আসন্ন মৌসুমটি দারুণভাবে কাটানোর অপেক্ষায় আছি। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

দ্য হান্ড্রেডের সপ্তম আসর শুরু হবে আগামী ২১ জুলাই এবং পর্দা নামবে ৬ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *