রাজধানীর ব্যস্ত নগরজীবনে হঠাৎই নেমে এলো এক ভিন্ন আবহ। পবিত্র মাহে রমজানের ২৩তম রোজার ইফতারের পর যখন মসজিদমুখী হচ্ছেন মুসল্লিরা। একদিকে তারাবির নামাজের প্রস্তুতি অপরদিকে চলছে ঈদের কেনাকাটার তাড়াহুড়ো। ঠিক সেই সময় আকাশজুড়ে ভেসে আসে কালো মেঘ। মুহূর্তেই শুরু হয় দমকা হাওয়া, বজ্রপাত আর সঙ্গে ঝরে পড়ে শিলাবৃষ্টি।
দিনভর গরম আর ব্যস্ততার পর এই বৃষ্টি যেন শহরের ওপর ছড়িয়ে দেয় এক অন্যরকম প্রশান্তি। রমজানের এই পবিত্র সময়ে অনেকেই বৃষ্টিকে দেখছেন আল্লাহর রহমত হিসেবে। মসজিদের মিনার ছুঁয়ে, নগরীর আলো ঝলমলে রাস্তা ভিজিয়ে বৃষ্টির ফোঁটা যেন স্মরণ করিয়ে দিচ্ছে সৃষ্টিকর্তার অনুগ্রহের কথা।
তবে এই রহমতের বৃষ্টির মাঝেই ঈদের কেনাকাটার ব্যস্ততায় থাকা মানুষ পড়েছেন কিছুটা বিপাকে। রাজধানীর বিভিন্ন মার্কেট, শপিংমল ও ফুটপাতের দোকানগুলোতে সন্ধ্যার পর থেকেই ছিল ক্রেতাদের ভিড়। পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে অনেকে বের হয়েছিলেন ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায়। কিন্তু হঠাৎ বৃষ্টি আর শিলাবৃষ্টিতে অনেককে আশ্রয় নিতে হয় দোকানের ছাউনিতে বা মার্কেটের ভেতরে।
বিক্রেতাদের কেউ কেউ তাড়াহুড়া করে পণ্যের ওপর ত্রিপল টানিয়ে দেন, কেউ আবার দোকানের সামনে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে থাকেন। ক্রেতারাও কিছুটা অস্থিরতার মধ্যেও উপভোগ করেন এই অপ্রত্যাশিত মুহূর্ত—কেউ ভিজে যাওয়া রাস্তায় দাঁড়িয়ে, কেউবা অপেক্ষা করছেন বৃষ্টি থামার।