বিশ্বকাপ জয়ের পর ক্লাব ফুটবলে ফেরার পর কিছুটা যেন নিজের চেনা ছন্দে ছিলেন না বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল। মৌসুমের শুরুতে তাকে নিয়ে ভক্ত-সমর্থকদের প্রত্যাশার সঙ্গে মাঠের পারফরম্যান্সের ফারাকটা বেশ ভালোই দেখা যাচ্ছিল। তবে এক ম্যাচের পারফরম্যান্স দিয়েই সব ফারাক ঘুঁচিয়ে দিলেন বার্সার এই তরুণ তুর্কি।
গত সোমবার রায়ো ভায়োকানোর বিপক্ষে নিজের পুরোনো রূপেই হাজির হলেন এই স্প্যানিশ উইঙ্গার। রায়ো ভায়োকানোর বিপক্ষে জোড়া গোল করে দলকে বড় জয় এনে দেওয়ার পাশাপাশি গড়েছেন একটি ইতিহাসও।
লা লিগার সেই ম্যাচে ভায়োকানোর বিপক্ষে ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে ইয়ামাল ছাড়াও জোড়া গোল করেন রাফিনিয়া। আর বাকি গোলটি এসেছে প্রতিপক্ষের আত্মঘাতী ভুল থেকে। তবে দুর্দান্ত জোড়া গোল করে পুরো ম্যাচের আলো নিজের দিকেই কেড়ে নেন ১৯ বছর বয়সী ইয়ামাল।
ম্যাচের ২১তম মিনিটে প্রথম গোল করে খাতা খোলার পর, একেবারে শেষ মুহূর্তে ৯০তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি আদায় করে নেন এই তরুণ সেনসেশন। এই জোড়া গোলের সুবাদে বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে তার মোট গোলসংখ্যা এখন ৫১টিতে গিয়ে ঠেকলো। আর এই ৫১ নম্বর গোলের সুবাদে একসঙ্গে দুটি বড় রেকর্ড নিজের করে নিয়েছেন ইয়ামাল।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ক্লাব ফুটবলের মঞ্চে ৫০ গোল করার অনন্য কীর্তি এখন এই বার্সা তারকার। মাত্র ১৯ বছর ৪৯ দিন বয়সেই এই মাইলফলকে পৌঁছালেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দখলে। ১৯ বছর ২৪১ দিন বয়সে ৫০ গোল করেছিলেন তিনি। এই তালিকার তিন নম্বরে থাকা নরওয়ের গোলমেশিন আর্লিং হল্যান্ড ৫০ গোল করেছিলেন ২০ বছর ১৯৬ দিন বয়সে।
তবে ইয়ামালের রেকর্ডের তালিকা এখানেই শেষ নয়। বার্সেলোনার জার্সিতে ৫০ গোল করার ক্ষেত্রে তিনি ভেঙে দিয়েছেন ৯১ বছরের পুরনো এক ক্লাব রেকর্ড। ১৯৩৫ সালে জোসেপ এস্কোলা মাত্র ২০ বছর ৩৫৬ দিন বয়সে বার্সার হয়ে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন। এটিই ছিল সর্বকণিষ্ঠ ফুটবলার হিসেবে বার্সার জার্সিতে ৫০ গোলের রেকর্ড। দীর্ঘ ৯১ বছর ধরে সেই রেকর্ডটি অক্ষত ছিল। এমনকি খোদ ক্লাবটির সর্বকালের সেরা তারকা লিওনেল মেসিরও ৫০ গোল করতে ২১ বছর ১২০ দিন লেগেছিল।
এবার মেসি তো বটেই, এস্কোলার প্রায় শতাব্দীর কাছাকাছি পুরোনো সেই রেকর্ড পেছনে ফেলে নতুন ইতিহাস লিখলেন ফুটবলের এই নতুন বিস্ময়বালক। সর্বকণিষ্ঠ ফুটবলার হিসেবে বার্সার জার্সিতে ৫০ গোল করলেন ইয়ামাল।