সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তার সঙ্গে সহধর্মিণী আফরোজা আব্বাসও দেশে ফিরেছেন।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। তাৎক্ষণিকভাবে শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে থেরাপি ও ফলোআপের জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

দীর্ঘ চিকিৎসা ও শারীরিক পুনর্বাসন প্রক্রিয়া শেষে পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরলেন জ্যেষ্ঠ এই রাজনীতিবিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *