বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. শাহ জে মিয়া স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়, ১ সেপ্টেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। স্বাধীনতা-পরবর্তী সময়ে জাতীয়তাবাদী চেতনা, স্বাধীনতা-সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র ও মানুষের অধিকারকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়।
বার্তায় বলা হয়, দীর্ঘ ৪৮ বছরের পথচলায় বিএনপি বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত থেকেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ, মানবিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশার কথাও তুলে ধরা হয়। বিশেষ করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আধুনিক, উদ্ভাবনী ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম ভূমিকা অব্যাহত রাখবে বলে বার্তায় অঙ্গীকার করা হয়।