পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে যাত্রীবাহী নিউ গ্রীন লাইন এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আটজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে মাওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে, মাওয়া পদ্মা সেতুর ঢালে ঢাকামুখী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। বাসটি মাগুরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতরা হলেন—মাগুরা সদরের সাইফুল্লাহ (৮০), লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা (৭), শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩)।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহত যাত্রীদের বাস থেকে বের করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায় বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *