জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর ঘটনায় তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসান রিয়াল আসামিদের হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী (২৮), সেন্টু জুলিয়ান (২৪) এবং মো. রাকিব হোসেন (২৪)।
নথি থেকে জানা গেছে, নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তায় অটোরিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়। ছিনতাইকারীর টানে তিনি চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। মামলার পর গতকাল রোববার র্যাব-২ অভিযান চালিয়ে আসামিদের রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা ও অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।