বান্দরবানের থানচিতে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি জিপ গাড়ি উল্টে দেরাজ মিয়া (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও ৩ জন আহত হয়েছেন। গতকাল রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় থানচি উপজেলার তমাতুঙ্গী সড়কের ১০ কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উজিরহাট এলাকার কবির আহমদের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে লেমনপাড়া থেকে থানচির দিকে আসার পথে জিপ গাড়িটি তমাতুঙ্গী সড়কের ১০ কিলো এলাকায় পৌঁছায়। এ সময় পাহাড়ি সড়কের খাড়া উঁচু অংশ উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্য ৩ জনকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম খন্দকার বলেন, থানচিতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত ও ৩ জন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।