বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা প্রায় ৮১ মেট্রিক টন ডুপ্লেক্স বোর্ডবোঝাই ১০টি ট্রাক খুলনায় না গিয়ে পুরানা ঢাকার নয়াবাজারে প্রবেশ করে। পরে নয়াবাজার আড়তে বিক্রির আগেই জব্দ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
আজ শনিবার (২৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা ৮১ মেট্রিক টন ডুপ্লেক্স বোর্ডবোঝাই ১০টি ট্রাক নির্ধারিত গন্তব্য ছিল খুলনা। কিন্তু খুলনায় না গিয়ে বোর্ডবোঝাই ট্রাকগুলো ঢাকার নয়াবাজার এলাকায় প্রবেশ করে। পরে নয়াবাজার আড়তে সেইগুলো বিক্রির আগেই জব্দ করা হয়।
জানা যায়, চট্টগ্রাম থেকে খুলনাগামী স্বাভাবিক বাইপাস রুট কাঁচপুর–সাইনবোর্ড–পোস্তগোলা–মাওয়া এক্সপ্রেসওয়ে–পদ্মা সেতু। কিন্তু ট্রাকগুলো সে পথে না গিয়ে পুরান ঢাকার নয়াবাজারে প্রবেশ করে। ১০টি ট্রাকের বহর হতে কাস্টমস গোয়েন্দার উপস্থিতি টের পেয়ে ১টি ট্রাক পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে বিক্রির আগেই সেই ট্রাক ধরা পড়ে।