রাজধানীর সড়কে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও নিরাপদ গণপরিবহন নিশ্চিত করার দাবিতে পাঁচ দফা দাবি জানিয়েছেন গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার বাসিন্দারা। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে গুলশান-২ চত্বরে গুলশান সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘গণজাগরণ সমাবেশ’ থেকে এসব দাবি জানানো হয়।
সমাবেশে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, তারা অটোরিকশা বা চালকদের জীবিকার বিরুদ্ধে নন। তবে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের যানবাহনের চলাচল সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন।
তিনি বলেন, অবৈধ অটোরিকশা বন্ধের পাশাপাশি চালকদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে। এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।
ওমর সাদাত আরও বলেন, অসহনীয় যানজট ও অনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা দেশের অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অবৈধ রিকশা, যানজট ও সড়কে নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরা হলেও সমস্যার সমাধান হয়নি।
সমাবেশ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—শুধু লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া, প্রধান ও ঝুঁকিপূর্ণ সড়কে অটোরিকশা চলাচল সীমিত করা, ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত আইন প্রয়োগ, নিরাপদ বিকল্প গণপরিবহন নিশ্চিত করা এবং অটোরিকশা চালকদের বিকল্প জীবিকার ব্যবস্থা করা।
সমাবেশে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সাবেক মহাসচিব ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী দিলানসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা বক্তব্য দেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আয়োজকরা।