বিজ্ঞানমনস্ক, দক্ষ ও উদ্ভাবনী নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হচ্ছে জেলাব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াড ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’। আগামীকাল শনিবার (২৯ আগস্ট) প্রথম পর্বে ময়মনসিংহ জেলার ১৩ উপজেলায় একযোগে এই মেধা যাচাই প্রতিযোগিতা শুরু হবে।
আয়োজক জেলা প্রশাসন জানিয়েছে, জেলার স্কুল ও কলেজের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মেধা বিকাশে এ বিশেষ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘জুনিয়র’ ও ‘সিনিয়র’—দুই গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে ‘ডিসিস সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’।
উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী দুই গ্রুপের সেরা পাঁচজন করে বিজয়ী শিক্ষার্থী আগামী ৫ সেপ্টেম্বর জেলা পর্যায়ের মূল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, এক ঘণ্টার লিখিত পরীক্ষায় শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, মানসিক দক্ষতা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে মোট ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
পরীক্ষা শেষে উত্তরপত্র মূল্যায়ন চলাকালীন এক ব্যতিক্রমী আলোচনা সভার আয়োজন থাকবে। এতে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষক, প্রতিযোগী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন। মুক্ত এই আলোচনা পর্বে বিশেষজ্ঞরা বিজ্ঞান শিক্ষার নানা দিক তুলে ধরবেন এবং শিক্ষার্থীদের বিজ্ঞানবিষয়ক বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেবেন।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, এই আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি, যুক্তিবোধ তৈরি এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়াবে। এ ছাড়া গবেষণা ও উদ্ভাবনী চিন্তা-ভাবনার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।