টাঙ্গাইলের সখিপুরে ট্রাকচাপায় ইসরাত জাহান আঁখি (২২) ও তাঁর কোলে থাকা এক বছর বয়সী সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইসরাত জাহান আঁখি বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমদের স্ত্রী। তিনি তার এক বছর বয়সী শিশু সন্তান নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে সখিপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকায় এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন।
নিহত আঁখির পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে বাসাইলের আদাবাড়ি গ্রামের স্বামীর বাড়ি থেকে মেয়েকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সখিপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুরের উদ্দেশে রওনা হন তিনি। সিএনজিচালিত অটোরিকশাটি নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে মা ও মেয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত আখির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, গৃহবধূ ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।