নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাতের আঁধারে ব্যক্তিমালিকানাধীন জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলা এবং বাড়িয়ারটেক জামে মসজিদের জমিতে বালু ফেলে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহসভাপতি ও রাজভ্যালি সিটির চেয়ারম্যান সৈয়দ সিরাজুল ইসলামের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার পশ্বি এলাকায় এসব ঘটনা ঘটে।
ভুক্তভোগী জোয়ার সাহারা এলাকার বাসিন্দা শুকুর আহম্মদ থানায় লিখিত অভিযোগে জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের পশ্বি গ্রামে ১৪.১৭ শতাংশ সম্পত্তি ক্রয়সূত্রে তিনি মালিক হয়ে নামজারিসহ ভোগদখল করে আসছিলেন। কিন্তু সীমানা সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে সৈয়দ সিরাজুল ইসলাম ও তার সহযোগী রশিদ বেপারী, ইসরাফিল বেপারী, মো. সজল খন্দকার, মাসুম প্রধানসহ অজ্ঞাতনামা ১৫-১৬ জন লোক লোহার রড, সাবল ও হাতুড়িসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার আরসিসি পিলারসহ বাউন্ডারি ওয়াল ভাঙচুর করেন। এ সময় বাধা দিলে কেয়ারটেকারকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয় এবং মালামাল লুটে নেওয়া হয়।
অন্যদিকে বাড়িয়ারটেক জামে মসজিদের সাধারণ সম্পাদক সেলিম মিয়া অভিযোগ করে বলেন, তাদের মসজিদের জমিতে জোর করে সিরাজ ও তার লোকজন বালু ফেলে দখলের চেষ্টা করছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সৈয়দ সিরাজুল ইসলাম মুঠোফোনে বলেন, শুক্কুর ও তার ছেলে ভাটারা এলাকার আওয়ামী লীগ নেতা। তাদের ক্রয় করা জমি নিয়ে বিরোধ থাকলেও তারা কোনো সমাধান না করে কাজ শুরু করায় সমস্যা সৃষ্টি হয়েছে। মসজিদের জমিতে তিনি কোনো বালু ফেলেননি বরং মসজিদের লোকেরাই তা ফেলেছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।