‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া বিএনপিনেতাকে শোকজ

সিরাজগঞ্জ পৌর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিন্টু শেখ মানববন্ধন চলাকালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে শহরের মতি সাহেবের ঘাটে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন তিনি।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মো. মিন্টু শেখকে শোকজ করে জেলা বিএনপি।

জেলা বিএনপির সূত্র জানায়, মানববন্ধনে মিন্টু শেখের দেওয়া ওই স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। বিষয়টি দলীয় শৃঙ্খলা পরিপন্থি হিসেবে বিবেচনা করে মো. মিন্টু শেখকে শোকজ করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, বিএনপির দায়িত্বশীল পদে থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় স্লোগান প্রদান করায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে হবে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ তথ্যটি নিশ্চিত করে জানান, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *