গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু

গোপালগঞ্জে জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবাছেলে হলেন, চর বড়ফা গ্রামের মৃত শামসু খার ছেলে এনায়েত খা (৪০) এবং তার ছেলে মেহেদী হাসান খা (১২)। মেহেদী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আজ দুপুর দেড়টায় তার বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে এনায়েত খা ধানের জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে যান। এ সময় তিনি বিদ্যুতায়িত হন। বাবাকে উদ্ধার করতে গিয়ে তার ছেলে মেহেদী হাসানও বিদ্যুতায়িত হয়। পরে মেহেদীর ফিরতে দেরি হওয়া দেখে, পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে  দুজনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. এ কে এম সিরাজুল ইসলাম দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তাদের মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, পরিবারের লোকজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *