সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামের এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজার সংলগ্ন মানাই নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পিকলু রাজশাহী সিটি করপোরেশনের মধ্যনওদাপাড়া এলাকার নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে জেলার পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলা থেকে পিকলুসহ ১০ জনের একটি পর্যটক দল ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টার দিকে নৌকাটি তাহিরপুরের লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে নোঙর করা হয়। এ সময় নৌকার কয়েকজন যাত্রী রান্নার কেনাকাটা করতে বাজারে যান এবং পিকলুসহ বাকিরা নদীতে গোসল করতে নামেন।
গোসল শেষে সহপাঠীরা নৌকায় উঠে এলেও পিকলু আর পানি থেকে উঠে আসেননি। তাকে দেখতে না পেয়ে সঙ্গীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে প্রায় তিন ঘণ্টা যৌথ তল্লাশি চালিয়ে মানাই নদী থেকে পিকলুর নিথর দেহ উদ্ধার করেন।
খবর পেয়ে তাহিরপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও পর্যটকবাহী নৌকাটি থানায় নিয়ে যায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।