অবৈধ পলিথিন বিক্রি দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠির রাজাপুরে অবৈধ পলিথিনবিরোধী অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে মোট নয় হাজার টাকা জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো থেকে ৩৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মা-বাবার দোয়া স্টোরের ব্যবসায়ী মো. আবু সালেহ হাওলাদারকে দুই হাজার টাকা, শ্রী শফিউল্লাহ স্টোরের ব্যবসায়ী সুব্রত মণ্ডলকে চার হাজার টাকা, ভাই ভাই স্টোরের ব্যবসায়ী মো. আবুল কালামকে দুই হাজার টাকা এবং বাসার স্টোরের ব্যবসায়ী মো. আবুল বাসারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোলাইমান হোসেন, মো. খালিদ সাইফুল্লাহ ও মো. মোস্তাফিজুর রহমান। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তর জানায়, আবু সালেহ হাওলাদার ও আবুল কালাম শুক্তাগড় ইউনিয়নের জগন্নাথপুর এলাকার বাসিন্দা। সুব্রত মণ্ডল স্বরূপকাঠি উপজেলার ভদ্রাংক এলাকার এবং আবুল বাসার শুক্তাগড় ইউনিয়নের গিঘড়া এলাকার বাসিন্দা।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, পরিবেশ বিধি লঙ্ঘন করে অবৈধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৩৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *