মেট্রোরেল ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ব্যয় বৃদ্ধি সম্পর্কিত এক সম্পূরক প্রশ্নের জবাবে দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, মেট্রোরেলের এমআরটি লাইন-৫ ও অন্যান্য প্রকল্পের আন্তর্জাতিক অর্থায়নে আগের চেয়ে ঋণের সুদের হার বৃদ্ধি পেয়েছে এবং ডলারের বিপরীতে টাকার মান পরিবর্তনের একটি বড় প্রভাব পড়েছে। তাছাড়া প্রকল্পগুলো এখনো পরিকল্পনা কমিশনে চূড়ান্ত স্ক্রুটিনির (পুঙ্খানুপুঙ্খ যাচাই) অপেক্ষায় রয়েছে এবং প্রতিটি ব্যয়ের খাত কঠোরভাবে পরীক্ষা করেই অনুমোদন দেওয়া হবে। বর্জ্য বিদ্যুৎ উৎপাদনের মতো পরিবেশবান্ধব প্রকল্প শুরুতে ব্যয়বহুল হলেও এতে জনস্বাস্থ্য রক্ষা এবং আন্তর্জাতিক কার্বন ক্রেডিট পাওয়ার সুযোগ তৈরি হবে।