স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গুম হওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আসিফ আকবরও গুমের ঘটনা নিয়ে কটাক্ষ ও হাসিঠাট্টা করছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। গতকাল বুধবার (২৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে রাশেদ খাঁন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘মাথার সমস্যার কারণে মদ পান করতে হয় বলে আদালতকে জানিয়েছিলেন গায়ক আসিফ আকবর! আমি জানি না, কখন তার মাথায় সমস্যা থাকে, আর কখন থাকে না। তবে ২০২৬ সালের ২৪ মার্চ সাকিব আল হাসানের জন্মদিনের অনুষ্ঠানের কেক কাটতে তিনি লন্ডনে উপস্থিত হন! এই ঘটনায় আসিফ আকবর খুব সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। আমার ধারণা, মাথায় সমস্যা থাকার কারণে তিনি এই ভুল করেছেন। হয়তো পরবর্তীতে মাথা ঠিক হলে তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন!’
আসিফ আকবরের সাম্প্রতিক মন্তব্যের কঠোর জবাব দিয়ে রাশেদ খান আরও লেখেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি (আসিফ আকবর) বিসিবির পরিচালক হন। কিন্তু পরবর্তীতে স্বপদে থাকতে না পেরে তিনি বেশ ক্ষুব্ধ হয়েছেন বলে মনে হচ্ছে। সম্প্রতি তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সম্পর্কে মন্তব্য করেছেন, ‘এই লোক গুম ছিলো নাকি লুকিয়ে ছিলো, আল্লাহ জানেন, স্যুট পরে এসে এখন সংবিধান শেখাচ্ছে!’ আমার প্রশ্ন হলো, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন বিরূপ মন্তব্যের সময় আসিফ আকবরের মাথা কি ঠিক ছিল? প্রয়োজনে বক্তব্য দেওয়ার আগে একটু খেয়ে, মাথা ঠিক করে নিয়ে তারপরে বক্তব্য দিতেন! মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়?”
আসিফ আকবরের মন্তব্যের ধরনকে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করে রাশেদ খাঁন লেখেন, ‘আসিফ আকবর স্বরাষ্ট্রমন্ত্রীর গুম নিয়ে যে ভাষায় কথা বলেছেন, ঠিক শেখ হাসিনাও গুম নিয়ে এমন হাসিঠাট্টা করতো। বিদেশে যেতে গিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে মর্মে গুমের বৈধতা উৎপাদন করতো। আর সাকিব আল হাসানের সঙ্গে সাক্ষাৎ করে আসার পরে আসিফ আকবরের কথার পরিবর্তন হয়েছে মনে হচ্ছে! তিনিও শেখ হাসিনার ভাষায় গুম নিয়ে কটাক্ষ শুরু করেছেন! হ্যা, তিনি যদি কোন রাজনৈতিক সমালোচনা করতেন, সেটি নিয়ে প্রতিবাদ জানানোর প্রয়োজন ছিল না। কিন্তু গুম নিয়ে কটাক্ষ ও প্রশ্ন তুলেছেন। যে কারণে প্রিয় শিল্পী আসিফ আকবরের বক্তব্যের জবাব দিতে হলো!’
পোস্টের শেষাংশে গায়কের প্রতি নিজের ভালোলাগা ও হতাশার কথা প্রকাশ করে বিএনপির এই তরুণ নেতা লেখেন, ‘ছোটবেলা থেকে আসিফ আকবরের গান ভালো লাগতো। পছন্দের শিল্পী তালিকায় তিনিও ছিলেন। বিএনপির লাখো মানুষ তাকে গায়ক হিসেবে পছন্দ করতো। শিল্পী বা তারকাদের কোনো দল না থাকাই শ্রেয়। আর থাকলে তিনি তো সাকিবের মতোই ঘৃণিত হবেন। আমি জানি না, হঠাৎ কেন গায়ক আসিফ আকবর ক্রিকেটার সাকিব আল হাসান হতে চাইলেন? তাকে তো আমরা ভালোবাসি, এই ভালোবাসার প্রতিদান এভাবে দেওয়া মোটেও উচিত হলো না, প্রিয় আসিফ আকবর ভাই!’