ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমটা দারুণ কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠের প্রাণভোমরা ব্রুনো ফার্নান্দেসের। এবার সেটির স্বীকৃতি পেলেন তিনি। পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএর মর্যাদাপূর্ণ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে এই পর্তুগিজ তারকার হাতে।
গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে প্রিমিয়ার লিগে রেকর্ড ২১টি অ্যাসিস্ট করার পাশাপাশি ৯টি গোল করেছিলেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার। তার জাদুকরী পারফরম্যান্সের ওপর ভর করেই লিগে তৃতীয় স্থান অর্জন করেছিল রেড ডেভিলরা।
২০২০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর এই প্রথম পিএফএর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ব্রুনো। সব মিলিয়ে ইউনাইটেডের জার্সিতে এ পর্যন্ত ৩১৪ ম্যাচ খেলে ১১০টি গোলের পাশাপাশি ১০৬টি অ্যাসিস্ট করেছেন তিনি।
প্রিমিয়ার লিগ যুগে ক্লাবটির হয়ে ২০০ গোল ও অ্যাসিস্টের মাইলফলকে পৌঁছানোর ক্ষেত্রে ক্রিস্টিয়ানো রোনালদোদের পেছনে ফেলেছেন এই মিডফিল্ডার। ইউনাইটেডের হয়ে কেবল ওয়েইন রুনিরই এর চেয়ে কম ম্যাচে (২৯৫ ম্যাচ) এই কীর্তি গড়ার রেকর্ড রয়েছে।
ব্রুনোর এই অর্জন ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের জন্যও বেশ বিশেষ। ইংল্যান্ড ও ওয়েলসের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি, মোট ১২ বার পিএফএ বর্ষসেরা পুরস্কার জয়ের রেকর্ড গড়ল ইউনাইটেড। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন ব্রুনো। এর আগে ২০০৭ ও ২০০৮ সালে টানা দু’বার এই সম্মাননা পেয়েছিলেন রোনালদো।
এদিকে নারী বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড খাদিজা শ। উইমেন্স সুপার লিগে গত মৌসুমে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসন দখল করেছিলেন তিনি। এর আগে ২০২৪ সালেও এই পুরস্কার জিতেছিলেন এই জ্যামাইকান তারকা।
অন্যদিকে, পুরুষ বিভাগে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ম্যানচেস্টার সিটির ২১ বছর বয়সী লেফট-ব্যাক নিকো ও’রাইলি। আর নারী বিভাগে টানা দ্বিতীয়বারের মতো সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্সেনালের ২২ বছর বয়সী স্ট্রাইকার অলিভিয়া স্মিথ।
এদিকে পিএফএর পক্ষ থেকে প্রিমিয়ার লিগের মৌসুমের সেরা একাদশও ঘোষণা করা হয়েছে। প্রত্যাশিতভাবেই এই একাদশে দাপট দেখিয়েছে লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। দলটির সর্বমোট পাঁচজন ফুটবলার জায়গা পেয়েছেন এই সেরা একাদশে। এছাড়া রানার্সআপ ম্যানচেস্টার সিটি থেকে আছেন চারজন খেলোয়াড়।
পিএফএ বর্ষসেরা একাদশ
গোলকিপার: ডেভিড রায়া (আর্সেনাল)
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মাঘালায়েস (আর্সেনাল), নিকো ও’রাইলি (ম্যানচেস্টার সিটি), উইলিয়াম সালিবা (আর্সেনাল), জুরিয়েন টিম্বার (আর্সেনাল)
মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ডেক্লান রাইস (আর্সেনাল), রায়ান শেরকি (ম্যানচেস্টার সিটি)
ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), অ্যান্তনিও সেমেনিও (ম্যানচেস্টার সিটি), ইগোর থিয়াগো (ব্রেন্টফোর্ড)