পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আজ বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, আজ সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে পুনরায় বাণিজ্যসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম শুরু হবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, ঈদে মিলাদুন্নবীর ছুটিতে কাস্টমস ও বন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরে পণ্য খালাস সম্পন্ন করা ভারতীয় খালি ট্রাকগুলো নিজ দেশে ফিরে যেতে পারছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।