তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত জনবিরোধী

উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য সরকারের সিদ্ধান্ত জনবিরোধী। এটি ফুলবাড়ীর মানুষ মেনে নেবে না বলে জানান তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির নেতারা।

বুধবার (২৬ আগস্ট) ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়। তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ছিল আয়োজনের উদ্যোক্তা।

বক্তারা বলেন, ফুলবাড়ী চুক্তির ৬ দফা শর্তাবলি আজও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হয়নি। বর্তমান সরকার আবারও উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা তোলার ঘোষণা দিয়েছে, যা জনবিরোধী সিদ্ধান্ত।

সমাবেশ থেকে দেশের সম্পদ রক্ষায় জ্বালানি নীতি পরিবর্তনে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।

এদিন ফুলবাড়ীতে নিহত ৩ জনকে শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন বাম সংগঠন।

২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা তোলার প্রকল্প বাতিল এবং যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি তৎকালীন এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে এই উপজেলার মানুষ। তাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণে নিহত হন তিনজন– তরিকুল, আমিন ও সালেকিন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী। এরপর থেকে দিনটিকে ‘ফুলবাড়ী দিবস’ হিসেবে পালন করে আসছেন ফুলবাড়ীবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *