আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বহুল আলোচিত আব্দুল মজিদ হিরন হত্যা মামলায় আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাছিম বিল্ল্যাহ এই রায় ঘোষণা করেন।

মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মর্জিনা, ফালানী, মিজান খান, রুস্তম খান, সবুজ আহমেদ, সেলিম মিয়া, আনিস ও রফিক। রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) বুলবুল আহমেদ গোলাপ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া দীর্ঘ বিচারিক প্রক্রিয়া চলাকালে মামলার অভিযুক্ত দুজন আসামি মারা যান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৭ অক্টোবর রাতে সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ হিরন রাতের খাবার ও এশার নামাজ শেষে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরদিন সকালে ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ের একটি মেহগনি বাগান থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে চিকিৎসকের প্রতিবেদন ও পুলিশের তদন্তে শ্বাসরোধে হত্যার তথ্য উঠে এলে সাটুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *