কুমিল্লায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করার পর ২০০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙাব্রিজ এলাকায় হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক দীপ রুদ্র পাল (২২) ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার এডিনগর এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নাইঘর ভাঙাব্রিজ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক চলাফেরার কারণে দীপ রুদ্র পালকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *