ঋণ জালিয়াতি

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পদ্মা ব্যাংকের প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মোতালেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে মামলা অনুমোদন দেয়া হয়।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের তথ্য অনুযায়ী, এমএইচ এন্টারপ্রাইজের কর্ণধার মমিনুর রহমান ভুয়া কাগজপত্র তৈরি করে এই অর্থ আত্মসাৎ করেন। সহযোগিতার অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনকে মামলায় আসামি করা হয়েছে।

দুদকের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের ১ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেন। পরে এ অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধও সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাত্তর টেলিভিশনের সাবেক হেড অব নিউজ শাকিল আহমেদ ও সাবেক বিশেষ প্রতিনিধি ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক।

তবে অন্য মামলায় তারা বর্তমানে কারাগারে থাকায় সংশ্লিষ্ট পুলিশ সুপারের মাধ্যমে তাদের কাছে সম্পদ বিবরণীর নোটিশ পাঠানো হবে বলে দুদক সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *