গোপালগঞ্জের কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে ৬ ও ৯ বছর বয়সী দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জসিম মুন্সী নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জসিম মুন্সী পলাতক রয়েছেন।
অভিযুক্ত জসিম মুন্সী চরপরানপুর গ্রামের জামাল মুন্সীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ও পাশাপাশি মুদি দোকান করেন। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ওই দুই শিশুর বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই দুই শিশু আপন দুই বোন। শনিবার দুপুরে তারা জসিম মুন্সীর দোকানে পাউরুটি কিনতে যায়। এ সময় দোকানে রুটি নেই বলে তাদেরকে দোকানের পাশে বাড়িতে ডেকে নিয়ে যায় জসিম। পরে শিশু দুটিকে ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশু দুটি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে জসিমকে হাতেনাতে আটক করেন। তবে কৌশলে সেখান থেকে জসিম পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগী দুই শিশুর বাবা আজ রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মুঠোফোনে এনটিভিকে বলেন, গতকাল আমার দুই শিশুকন্যা দোকানে পাউরুটি কিনতে গেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত জসিম মুন্সী। আমি এখন পুলিশের সহযোগিতায় মেয়েদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি। এমন ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্ত জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ বিষেয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। শিশু দুজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।