মার্কিন ডলারের দরপতন ও কারিগরি কিছু চালিকাশক্তির কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। টানা তিন সপ্তাহ ধরে এই মূল্যবান ধাতুটি ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। খবর রয়টার্সের।
শুক্রবার (২১ আগস্ট) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬২৩ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছে। দিনের এক পর্যায়ে তা ৪ হাজার ৬৩১ দশমিক ৯৯ ডলারে উঠেছিল, যা গত ১৫ মে-র পর সর্বোচ্চ।
বাজার বিশ্লেষকরা জানান, মার্কিন ট্রেজারির বন্ড বাইব্যাক বা পুন ক্রয় সহায়তার ঘোষণায় মার্কিন ডলারের ওপর বেশ চাপ সৃষ্টি হয়। ডলারের দর গত মে মাসের মধ্যভাগের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় স্বর্ণ কেনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ অনেক বেড়ে যায়।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ সুদের হার বাড়ানো বন্ধ রাখায় ও মার্কিন অর্থনীতি কিছুটা দুর্বল হওয়ার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও ইটিএফ -এর চাহিদা নতুন করে বৃদ্ধি পেয়েছে।
টিডি সিকিউরিটিজের গ্লোবাল হেড অফ কমোডিটি স্ট্র্যাটেজি বার্ট মেলেক বলেন, স্বর্ণের এই দাম বৃদ্ধির পেছনে টেকনিক্যাল কারণের পাশাপাশি মার্কিন ডলারের দরপতন বড় ভূমিকা রেখেছে। এই ধারা বজায় থাকলে সামনে স্বর্ণের দাম ৪ হাজার ৭০০ ডলার পর্যন্ত উঠতে পারে।
তবে বিশ্ববাজারে এই টানা মূল্যবৃদ্ধির কারণে ভারতে স্বর্ণের খুচরা চাহিদা কিছুটা কমলেও আরেক শীর্ষ ক্রেতা দেশ চীনে চাহিদা স্থিতিশীল রয়েছে।
এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর দামও চলতি সপ্তাহে বেড়েছে। স্পট সিলভারের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৯ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৮ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।