৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের সদর উপজেলার পুরানাপৈল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে প্রায় তিন ঘণ্টা ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। তবে চালক ও পরিচালকের দ্রুত তৎপরতায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রেনে থাকা শত শত যাত্রী।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা ট্রেনটি জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। এর ফলে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে এবং পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ পুরো উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

আকস্মিক এই স্থবিরতায় আশপাশের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকে পড়লে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঘটনার পরপরই সান্তাহার জংশন থেকে রেলওয়ের ক্যারেজ মিস্ত্রীরা এসে দুর্ঘটনাকবলিত বগির কয়েল স্প্রিং ও বডি মেরামত করেন। 

ট্রেনের সহকারী চালক রবীন হোসেন বলেন, ত্রুটিপূর্ণ বগিটি মেরামতের পর সকাল ১১টা ২০ মিনিটে ট্রেনটি জয়পুরহাট স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। ফলে দীর্ঘ ৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *