রাজপুত্র জেরি পূর্ণ মন্ত্রী হওয়ায় বান্দরবানে আনন্দের বন্যা

দীর্ঘ প্রতীক্ষার পর রাজপুত্র সাচিং প্রু জেরি মূল্যায়িত হওয়ায় বান্দরবানের সর্বত্র বইছে আনন্দের বন্যা। বান্দরবান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন রাজপথের এ লড়াকু সৈনিক। এর মাধ্যমে জেলার সাতটি উপজেলা ও ৩৪টি ইউনিয়নে বিএনপিসহ সর্বস্তরের মানুষের মধ্যে আশা জেগেছে উন্নয়নের ধারা অব্যাহত রাখার।

নির্বাচন অফিস ও রাজনীতিবিদদের তথ্যমতে, ১৯৯১ সালে বীর বাহাদুর উশৈসিং আওয়ামী লীগ থেকে প্রথমবার জয়ী হন৷ তবে ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত বিএনপির মাম্যাচিং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরি বিজয়ী হলেও ওই বছরের জুনের পুনর্নির্বাচনে আওয়ামী লীগের বীর বাহাদুর উশৈসিং পুনরায় জয়ী হন। ২০০১ সালের নির্বাচনে রাজপুত্র সাচিংপ্রু জেরি বিদ্রোহী প্রার্থী হয়ে পরাজিত হন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে রাজপুত্র সাচিংপ্রু জেরি ৫১ হাজার ৫৪০ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থীর কাছে ১৯ হাজার ভোটে পরাজিত হন। জুলাই বিপ্লবের পর ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরি বিপুল ভোটে বিজয়ী হন।

দ্বিতীয়বার সংসদ সদস্য হয়ে রাজপুত্র সাচিং প্রু জেরি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার বাবা অংশৈ প্রু চৌধুরী ছিলেন তৎকালীন বান্দরবান বোমাং সার্কেলের চিফ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের আমলের খাদ্য, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বে।

বিগত সরকারের আমলেও পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব ছিল বান্দরবানের সংসদ সদস্যের হাতে। বিএনপি সরকারর প্রথম ছয় মাসের মাথায় ফের পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পাচ্ছে বান্দরবান।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, প্রত্যাশা ছিল মন্ত্রিত্বের। কিন্তু প্রথম দফায় বাদ পড়লেও যোগ্যতার ভিত্তিতেই দ্বিতীয় ধাপে প্রত্যাশিত মন্ত্রিত্ব পেয়েছেন জেরি। খুশির এ খবরে বান্দরবানবাসী অত্যন্ত আনন্দিত। ত্যাগীর মূল্যায়নের খবরে হতাশা কেটে নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরেছে।

জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দৌলতুল কবীর খান সিদ্দিকী বলেন, দেরিতে হলেও প্রত্যাশিত মন্ত্রী পেয়েছে বান্দরবানবাসী। এটি অত্যন্ত আনন্দের খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন রাজপুত্র জেরি। এর আগে বর্তমান প্রধানমন্ত্রীর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের আমলে জেরির বাবা রাজা অংশৈ প্রু চৌধুরী প্রতিমন্ত্রী ছিলেন। ফের মন্ত্রী পাওয়ায় বান্দরবান জেলায় উন্নয়নের ধারা আরও বেগবান হবে। প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।

জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ। দীর্ঘ ১৭টি বছর আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক মন্ত্রিত্বের যোগ্য দাবিদার রাজপুত্র সাচিং প্রু জেরি। এটি বিএনপিসহ বান্দরবানবাসীর জন্য অত্যন্ত আনন্দের। দলের সভাপতি ও নতুন মন্ত্রীর কাছে আমারও প্রত্যাশা থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখবেন এবং রাজাপ্রজা ভুলে গিয়ে সব জাতিগোষ্ঠীকে সমান দৃষ্টিভঙ্গির মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। উন্নয়ন থেকে কেউই যেন বঞ্চিত না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *