বালুবাহী ডাম্প ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বালুবাহী ডাম্প ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় শরিফুল ইসলাম নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রায়হান নামে ডাম্প ট্রাকের এক হেলপার আহত হয়েছেন। আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নূর পাম্পসংলগ্ন এসঅ্যান্ডবি ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম যশোরের বেনাপোল উপজেলার বারেপোতা গ্রামের রজব আলীর ছেলে। আহত হেলপার রায়হানের বাড়ি ময়মনসিংহ জেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বালুবাহী ডাম্প ট্রাকের পেছনে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে উভয় গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলামের মৃত্যু হয়। আহত রায়হান হাসপাতালে চিকিৎসাধীন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *