সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ইউনিটের প্রধানসহ কমিশনার পদে বড় রদবদল করা হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর এনবিআরে এটিই বড় রদবদল। 

গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) একযোগে ২২ কর কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। একইসঙ্গে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দিয়ে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়েছে।

এবারের রদবদলে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক হিসেবে সেলিনা সুলতানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রথম কোনো নারী কর্মকর্তা সিআইসি প্রধানের দায়িত্ব পেলেন। এর আগে তিনি ঢাকার কর অঞ্চল-৪-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সিআইসির মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮ এর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের নতুন ডিজি করা হয়েছে সৈয়দ মহিদুল ইসলামকে। তাকে কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক থেকে বদলি করা হয়েছে। বর্তমানে মহিদুল বিসিএস ট্যাক্সেসন অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসাবেও দায়িত্ব পালন করছেন। 

১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। পরে তাদেরসহ মোট ২২ কর কমিশনারকে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *