এসএসসির ১ লাখ ২২ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন
রাজশাহী শিক্ষাবোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ব্যবহারিক ২৩ হাজার ৫১৮টি খাতাসহ মোট এক লাখ ২২ হাজার ২২৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বোর্ডের আট জেলার মোট এক লাখ ৭৬ হাজার ৪৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ১২ হাজার ৮৬ জন। এরমধ্যে ১৬ হাজার ১১৩ পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ।
বোর্ডের ফল বিশ্লেষণে দেখা গেছে, সাত বছরে এবার সর্বনিম্ন ফলাফল রাজশাহী শিক্ষা বোর্ডে। ২০২০ সালে যেখানে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ, সেখানে ২০২৬ সালে নেমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। শতাংশের হিসাবে ২০২০ সালের তুলনায় ২০২৬ সালে পাসের হার কমেছে প্রায় ২৯ দশমিক ৫ শতাংশ।
এর আগে গত ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলেও খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের শেষ সময় ছিল ১৭ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে রাজশাহী শিক্ষাবোর্ডের ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
এ ছাড়া ব্যবহারিকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৫১৮টি। মোট এক লাখ ২২ হাজার ২২৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছে।
এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, সবচেয়ে বেশি পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ের। এরপর রয়েছে গণিতসহ অন্যান্য বিষয়। যেহেতু পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়া বিষয়গুলো বিষয় কোড আকারে রয়েছে। তাই এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।