বাজে সময় আর সমালোনার তীরে বিদ্ধ– এভাবেই কাটছে পাকিস্তানি তারকা বাবর আজমের সময়। নানা সমালোচনার মুখেও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন তিনি। কিন্তু সেখানেও হাসেনি তার ব্যাট। সেটার প্রভাব পড়েছে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও। বাংলাদেশ সফরের দলে নেই বাবর আজম।
টানা অফফর্মের পর অনেকেই এখন বিষয়টিকে বাবরের ক্যারিয়ারের ‘শেষের শুরু’ বলে মনে করেন। তবে ভিন্ন কথা বলছেন পাকিস্তান দলের কোচ মাইক হেসন। তার দাবি, বাবর আজমকে দল থেকে বাদ দেওয়া হয়নি, বরং দীর্ঘদিনের ক্লান্তি দূর করতে তাঁকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হেসন বলেন, ‘আমি বাবরকে বাদ দেওয়া হয়েছে—এমন কথা বলতে রাজি নই। আমাদের মূল লক্ষ্য হলো প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা যাতে নিজেদের মেলে ধরার সুযোগ পায়। তাদের জন্য এই সিরিজটি বড় একটি মঞ্চ।’
বাবরের জায়গায় দলে আসা নতুন মুখদের নিয়ে বেশ আশাবাদী কোচ। তিনি জানান, টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার হিসেবে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন সাহিবজাদা ফারহান। এছাড়া ঘরোয়া ক্রিকেট ও জুনিয়র পর্যায়ে ভালো খেলা শ্যামল হোসেন এবং মাজ সাদাকাতকেও রাখা হয়েছে স্কোয়াডে।
পাকিস্তান কোচের মতে, ওয়ানডে ক্রিকেটে বর্তমান সময়ে বাংলাদেশের অভিজ্ঞতা তাঁদের চেয়ে অনেক বেশি। হেসন বলেন, ‘বাংলাদেশ আমাদের তুলনায় ওয়ানডে ম্যাচ অনেক বেশি খেলছে এবং এই ফরম্যাটে তারা বেশ শক্তিশালী। তাই আমাদের তরুণ ক্রিকেটারদের জন্য এই সিরিজটি অনেক বড় চ্যালেঞ্জ এবং এখানে শেখার সুযোগ হবে।’