টানা ২ দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

ধারাবাহিক দুই কর্মদিবসে দাম বাড়ার পর মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। মধ্যপ্রাচ্যে সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতির আশঙ্কা জোরালো হয়েছে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের ইল্ড ঊর্ধ্বমুখী হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের এই দরপতন ঘটেছে। খবর রয়টার্সের। 

মঙ্গলবার বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৩৯১ দশমিক ৭৭ ডলারে নেমে আসে।

স্বাধীন বাজার বিশ্লেষক রস নরম্যান জানান, বাজারে তীব্র দরবৃদ্ধির পর বিনিয়োগকারীদের মধ্যে কিছু পরিমাণ মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সংকট বজায় থাকলে তা বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতির ঝুঁকি বাড়াবে, যা মার্কিন ডলার ও ট্রেজারি বন্ডের মানকে আরও শক্তিশালী করে তুলবে। 

ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দুই সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে মার্কিন সরকারি বন্ড বিক্রির হার বাড়ায় ৩০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড প্রায় দুই দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

জ্বালানি তেলের বাড়তি দাম মূল্যস্ফীতি নিয়ে নতুন করে দুশ্চিন্তা তৈরি করায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার উচ্চ রাখার সম্ভাবনা বেড়ে গেছে। যদিও অর্থনৈতিক অনিশ্চয়তায় স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ ধরা হয়, কিন্তু ব্যাংক ও বন্ডের সুদের হার উচ্চ থাকলে সুদহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা ও আকর্ষণ কমে যায়। 

এদিকে মঙ্গলবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভার বা রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৯৪ ডলারে নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে এক হাজার ৭৪২ দশমিক ৭০ ডলার ও প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে এক হাজার ৩১৩ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *